২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির খপ্পরে খাঁচাবন্দি পশুপাখি

ঢাকা চিড়িয়াখানার দায়িত্ব নিয়োজিতরা অধিকাংশই সঠিকভাবে জানেন না- তাদের কি কাজ। ফলে পশুরা ঠিকমতো খাবার পাচ্ছে না; তাদের রক্ষণাবেক্ষণও ঠিকমতো হচ্ছে না বলে উঠে এসেছে সংসদীয় কমিটির এক প্রতিবেদনে। 

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 06:34 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত  এই উপ কমিটি গত বৃহস্পতিবার কমিটির কাছে প্রতিবেদন জমা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা ওই প্রতিবেদনের অনুলিপিতে বলা হয়েছে, ‘স্থানীয় রাজনৈতিক প্রভাবের’ কারণে ‘দুর্নীতিমুক্ত থাকতে পারছে না’ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বদলি, টেন্ডার, ক্রয় ও সেবার মতো প্রতিটি কাজই পাচ্ছেন রাজনৈতিক নেতাদের ‘পছন্দের’ ব্যক্তিরা।

কাজ সম্পর্কে ‘ধারণাহীন’ ব্যক্তিদের দিয়ে চিড়িয়াখানা পরিচালনা করলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

ঢাকা চিড়িয়াখানা সরেজমিনে পরিদর্শন করে ‘সকল প্রকার দুর্নীতি, অনিয়মের’ অভিযোগ খতিয়ে দেখতে  গত ১৭ ফেব্রুয়ারি এই উপ কমিটি গঠন করা হয়।

জাফর ইকবাল সিদ্দিকীকে আহ্বায়ক করে গঠিত দুই সদস্যের এই কমিটির অপর সদস্য হলেন মঞ্জুর কাদের কোরাইশী।

তাদের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মান মেনে কোন প্রাণীর জন্য কী পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে তার তালিকা মিরপুর চিড়িয়াখানায় নেই। চিড়িয়াখানার প্রাণীদের সরবরাহ করা খাদ্যে ফরমালিন আছে কিনা- তা পরীক্ষারও কোনো ব্যবস্থা রাখা হয়নি।

সংসদীয় কমিটির তদন্তের সময় চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মাসুদুল হাসান জানান, চিড়িয়াখানার প্রাণিদের যে পরিমাণ খাদ্য দেয়া প্রয়োজন তার চেয়ে কম খাদ্য কম সরবরাহ করা হয়। এ বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করেছেন দুই সাংসদ।

কমিটির আহ্বায়ক জাফর ইকবাল সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশ থেকে আনা খাদ্য পশুদের দেয়া হয় তাদের পারচেজ টাইমের (কেনার সময়) বয়স হিসাব করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রাণীর খাদ্যের পরিমাণ যে বাড়ানো প্রয়োজন- তা কর্তৃপক্ষ বিবেচনায় রাখে না।”

সংসদীয় কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে মন্ত্রণালয়ের জবাব চাওয়া হয়েছে বলে জাতীয় পার্টির এ সংসদ সদস্য জানান।

অবশ্য চিড়িয়াখানার কিউরেটর এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, তারা প্রাণীদের চাহিদা অনুযায়ীই খাদ্য সরবরাহ করছেন। এর তালিকাও তাদের কাছে রয়েছে।

তিনি বলেন, “সংসদীয় কমিটির প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব”

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত চলাকালে চিড়িয়াখানায় নিয়োজিতদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে চাইলে তাদের ‘প্রায় সকলেই’ নিজেদের কাজ সম্পর্কে সঠিকভাবে বলতে ব্যর্থ হন।

“অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার স্বল্পতায় চিড়িয়াখানার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে চিড়িয়াখানার ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামোও দুর্বল হয়ে পড়ছে।”

পশুপাখির পরিচর্যায় নিয়োজিতরা যাতে প্রাণীর খাদ্যাভাস, খাদ্য নির্বাচন ও পরিমাণ সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন, সেজন্য উন্নত দেশের চিড়িয়াখানার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী সৈয়দ আসমত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা চিড়িয়াখানায় মূলত পুষ্টিহীনতার কারণেই প্রাণির মৃত্যু হয়। বয়স-আবহাওয়া বিবেচনা করে খাদ্য সরবরাহ না করলে এমন ঘটনা ঘটবেই।”

সংসদীয় উপ কমিটি খাদ্য তালিকা, আবহাওয়া, পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ প্রাণিবিদ নিয়োগের সুপারিশ করেছে ঢাকা চিড়িয়াখানায়। একইসঙ্গে বায়োসিকিউরিটি ‘কঠোরভাবে’ মেনে চলার সুপারিশ করা হয়েছে।

চিড়িয়াখানার উন্নয়নে কমিটি যে ১৬ দফা সুপারিশ করেছে, তার মধ্যে ‘সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা’ গড়ে তোলার স্বার্থে জাতীয় চিড়িয়াখানাকে ‘রাজনৈতিক প্রভাব’ মুক্ত করার কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে ইচ্ছা থাকার পরও দুর্নীতিমুক্ত থাকতে পারছে না কর্তৃপক্ষ। যার ফলে কোনো কাজই স্বচ্ছ, নিরপেক্ষ ও নিষ্ঠার সঙ্গে করতে পারছে না। বদলি, টেন্ডার, ক্রয় ও সেবার মতো প্রতিটি কাজই রাজনৈতিক নেতাদের ‘পছন্দের’ ব্যক্তিদের দিতে ‘বাধ্য’ করা হচ্ছে।

উপ কমিটির আহ্বায়ক জাফর ইকবাল সিদ্দিকী বলেন, “রাজনৈতিক প্রভাবের কারণেই চিড়িয়াখানার পরিবেশ দর্শনার্থীদের অনুকূলে রাখা যাচ্ছে না।”

এ সংসদ সদস্য বলেন, “সংসদীয় কমিটি সংশ্লিষ্টদের এ বিষয়ে যথাযথ নির্দেশনা দিয়েছে। এখন মন্ত্রণালয়ের কাজ সুপারিশ বাস্তবায়ন করা।”

চিড়িয়াখানার পরিবেশ ‘দৃষ্টিনন্দন’ রাখতে চিড়িয়াখানার সামনের দোকানগুলোর ইজারা বাতিলসহ সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানার মূল ফটক পর্যন্ত রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা অপসারণেরও সুপারিশ করেছে কমিটি।

এছাড়া চিড়িয়াখানার প্রবেশ পথে দর্শনার্থীদের ভিড় ও যানজট কমাতে আশুলিয়া বেড়িবাঁধ রাস্তার সঙ্গে চিড়িয়াখানার আরো একটি প্রবেশ ফটক নির্মাণের সুপারিশ করা হয়েছে।