২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি সিঙ্গাপুরে

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 12:10 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

তার প্রেস সচিব ইহসানুল করিম জানান, রোববার ভোরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে রাষ্ট্রপতি সিঙ্গাপুরে পৌঁছান।

সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসার পাশাপাশি রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলেও জানান তিনি।

শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মন্ত্রিপরিষদের সদস্যরা, ডিপ্লোমেটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক ও উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

স্ত্রী রাশিদা খানম ছাড়াও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মনজুরুল হোসেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মোতাহার হোসেন এই সফরে আব্দুল হামিদের সঙ্গে আছেন।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাহাবুবুজ্জামান এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত চ্যাং হ্যাং ইয়াং বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

আগামী ৩১ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত ২৫ মে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুর সফর করেন।