আদিলুরের গ্রেপ্তারের সমালোচনায় শফী
মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের সমালোচনা করে হেফাজতে ইসলাম আমির শাহ আহমদ শফী বলেছেন, অপরাধী নয়, বরং অপরাধ উদঘাটনকারীদের হয়রানি করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আহমদ শফী বলেন, “৫ মে শাপলা চত্বরে রাতের আঁধারে হামলার জন্য কোন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হয় না। অথচ এই অপতৎপরতার কথা কেউ প্রকাশ করলে তাকে নাজেহাল ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।”
এ পর্যায়ে তিনি আদিলুর রহমান ও মাহমুদুরের নাম উল্লেখ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে।
ফাইল ছবি
সংগঠনের সব কর্মসূচি তার নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জসহ সারাদেশে গ্রেপ্তারকৃত মাদ্রাসা পরিচালক, উলামা-মাশায়েখ ও খতিব ও ইমামদের মুক্তি এবং হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েকৃত মামলা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বর্তমানে দেশে ‘অসহনীয়’ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে শফী বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত বেশি মিথ্যাচার হচ্ছে যে, সাধারণ জনগণ সত্য উদঘাটনে চরম বিভ্রান্ত হচ্ছেন।”
