ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে জাগরণ মঞ্চের মিছিল
ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনের ওপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। এরপর বাংলামোটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি চত্বর ঘুরে আবার শাহবাগ মোড়ে শেষ হয় মিছিলটি। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে ইমরান বলেন, প্রগতিশীল আন্দোলনের কর্মীর ওপর হামলার মাধ্যমে জামায়াত-শিবির আবারো প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন। তারা দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়।
এ সময় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমতসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য দেন।
আগের দিন গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুহিনের ওপর হামলা চালিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এ হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ।
