ঢাবি ছাত্র-শিক্ষকদের নির্যাতনকারীদের বিচার দাবি
তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ছাত্র-শিক্ষকদের ওপর সংঘটিত নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
ছাত্র-শিক্ষকদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতনের দিনকে স্মরণে শুক্রবার কালো দিবস পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে কালোব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ ও আলোচনাসভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা কালোব্যাজ ধারণ করে এতে অংশ নেন।
আলোচনা সভায় উপাচার্য বলেন, সেনাশাসন কখনো দেশ ও গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। এটি সব সময় গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে মানুষের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করে। আর গত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেনাশাসনের আরেক নাম।
নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে তিনি বলেন, সেদিন ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে সামরিক জান্তারা ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের ওপর নির্যাতন চালিয়েছে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা অব্যাহত রাখতে এবং সবার জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের ঘটনার পনুরাবৃত্তি যেন না হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
সমাবেশে অধ্যাপক হারুন বলেন, “কালো দিবসের ঘটনা ছোট হলেও এর অন্তর্নিহিত তাৎপর্য গভীর। এ ঘটনাকে কেন্দ্র করে সেদিন পুরো দেশ সামরিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তাই গণতন্ত্রের অব্যাহত চর্চার চেষ্টাই আমাদের একমাত্র পথ।”
২০০৭ সালের ২০ থেকে ২৩ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্যাতন চালায় বিগত তত্ত্বাবধায়ক সরকার। পরবর্তী বছর থেকে এই নির্যাতনের প্রতিবাদে প্রতিবছর দিনটি কালো দিবস হিসেবে পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
