২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবহানকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সুবহানকে তদন্ত সংস্থার সেফহোমে নিয়ে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 10:47 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

তাকে সেফ হোমে নিয়ে সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হয় তদন্ত কর্মকর্তাদের। তবে মাঝে এক ঘণ্টা বিরতি দিতে হবে।

জিজ্ঞাসাবাদের সময় সুবহানের একজন আইনজীবী ও একজন চিকিৎসক উপস্থিত থাকতে পারবেন।

জিজ্ঞাসাবাদের সময় জামায়াতের নায়েবে আমির সুবহানকে কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

কারাবন্দি সুবহানকে কবে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তা ঠিক করবেন মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। তবে সেফহোমে নেয়ার এক দিন আগে আসামির আইনজীবীকে তা জানাতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে।

পাবনার সাবেক সংসদ সদস্য সুবহানকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ আগস্ট আবেদন জানায় প্রসিকিউশন।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে একটি মামলায় টাঙ্গাইলে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যুদ্ধাপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

আলীমের সাফাই সাক্ষ্য আগামী সপ্তাহে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

আগামী মঙ্গলবার থেকে আসামিপক্ষের সাফাই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-২। রোববারের মধ্যে সাফাই সাক্ষীর তালিকা দাখিলের নির্দেশও দেয়া হয়েছে।

এর আগে বুধবার এ মামলায় আসামির পক্ষে সাফাই সাক্ষ্যের সংখ্যা তিনজন নির্ধারণ করে দেয় ট্রাইব্যুনাল। আসামি পক্ষ সাফাই সাক্ষী হিসেবে ৩ হাজার ৩২৮ জনের নাম দিয়েছিল।

বৃহস্পতিবার এ মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) ষষ্ঠ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা।

গত ২৫ জুলাই প্রসিকিউশনের ৩৫তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আইও এজেডএম আলতাফুর রহমান।

গতবছরের ১১ জুন সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগে আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।