২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ভারী অস্ত্রসহ ‘আত্মঘাতী জঙ্গি’ গ্রেপ্তার

বগুড়ায় গোপন বৈঠক চলাকালে ভারী অস্ত্র-গুলিসহ তিন ‘আত্মঘাতী জঙ্গিকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শহরের ঠনঠনিয়া এলাকার জোবানি প্রাথমিক বিদ্যালয়ের পাশের দুলালের বাড়ি থেকে ওই জঙ্গিদের গ্রেপ্তার করা হয়।

এ সময় সেখান থেকে একটি এলএমজি, একটি এসএমজি, একটি পিস্তল, ৮০ রাউন্ড গুলিসহ ৪টি ম্যাগাজিন, একটি ট্যালিস্কোপ, একটি ডায়েরি এবং বেশ কিছু দেশি অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সাঈদ সাংবাদিকদের জানান, এরা সবাই আত্মঘাতী দলের সদস্য। ডায়েরিতে তারা শহীদ হওয়ার কথা লিখেছে।

“এছাড়াও সেখান থেকে একটি অস্ত্রের ক্যাটালগ উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. মিরান হোসেন সাংবাদিকদের জানান, বৈঠকে মোট  ২১ জন ছিল। তাদের প্রধান নেতাসহ তিন জনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে।