‘হাসিনা ট্রেন আনেন আর খালেদা পোড়ান’
রেল মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনা জনগণের জন্য ট্রেন (ইঞ্জিন) আনেন, আর খালেদা জিয়া হরতালের নামে জামায়াত-শিবিরকে উস্কে দিয়ে তা পুড়িয়ে দেন।
“এ হল শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।”
বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর রেল স্টেশনে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে ডেমু (ডিজেল ইলেট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জয়দেবপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো: জিয়া উদ্দিন সরদার জানান, দিনে চার বার ট্রেনটি ঢাকা-জয়দেবপুরে আসা-যাওয়া করবে। সকাল ৯টা ১৫ মিনিটে ও দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ২০ মিনিটে ও দুপুর ১টা ৫৫ মিনিটে জয়দেবপুর পৌঁছবে।
আবার জয়দেবপুর থেকে সকাল ১০টা ৪০ মিনিট ও দুপুর ২টা ২০ মিনিটে ছেড়ে দুপুর ১২টা এবং বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছবে।
এ ট্রেনের ৪টি বগিতে এক সঙ্গে ৬০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন। ভাড়া জনপ্রতি ২০ টাকা।
রেল মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুনীল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুরের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আবু তাহের প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আগে রেল বিভাগ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ছিল। বর্তমান সরকার যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে মন্ত্রণালয় গঠন করেছে।
রেলমন্ত্রী বলেন, “২০৩০ সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে। এ খাতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী যে প্রকল্প নিয়েছে, তাতে বিশ্বের উন্নত দেশের মতো সেবা দেয়া সম্ভব।”
বর্তমান সরকার ট্রেনকে গণপরিবহনে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যা আগে কখনো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “তিনি ক্ষমতায় গেলে নাকি দ্রুত ট্রেন সার্ভিস চালু করবেন। নির্বাচনী বৈতরণী পার হতে তিনি এখন এসব বক্তব্য দিচ্ছেন। এটা হলো তার ফাঁকিবাজী বক্তব্য।
“তিনি (খালেদা) প্রধানমন্ত্রী থাকাকালে একটি ট্রেনও যোগ হয়নি। নতুন কোন রেললাইন, রেল স্টেশনও নির্মাণ হয়নি। উপরোন্তু ১শ’টি রেল স্টেশন বন্ধ করা হয়েছিল।”
অনুষ্ঠানে গাজীপুর প্যাসেঞ্জার ফোরামের পক্ষে থেকে জয়দেবপুর স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি, প্লাটফর্ম, ওয়েটিংরুম, রেলের বগিতে বিশুদ্ধ পানি, বাতি, ফ্যান ও টয়লেটের সু-ব্যবস্থার দাবি জানালে মন্ত্রী তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
