দুই সাংসদের নামে মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানির জন্য সৃষ্ট বিবেচনায় ৭২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি, যার মধ্যে দুই সাংসদের বিরুদ্ধে মামলাও রয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির শেষ সভায় এই সুপারিশ করা হয়।
কুমিল্লায় ক্ষমতাসীন দলের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া ও টাঙ্গাইলের সাংসদ আমানুর রহমান খান রানার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলাও ‘রাজনৈতিক’ বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি।
“যাদের মামলা প্রত্যাহার হয়েছে তারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী। এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে এসব মামলা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা এসব মামলা করে।”
প্রত্যাহারের সুপারিশ করা মামলার মধ্যে ‘দুয়েকটি’ হত্য মামলা থাকতে পারে জানিয়ে কামরুল বলেন, “কোনো মাদক মামলা প্রত্যাহারের সুপারিশ করিনি”।
প্রতিমন্ত্রী জানান, ‘রাজনৈতিক’ বিবেচনায় মামলা প্রত্যাহারের আর কোনো আবেদন কমিটির হাতে নেই।
“এ নিয়ে আমাদের আর সভা করার প্রয়োজন হবে না বলেই মনে করছি।
চলতি সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়কার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের জন্য এই কমিটি করে।
এজন্য আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সাত সদস্যের মন্ত্রণালয় পর্যায়ের একটি কমিটি ও জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির আগের ৩০টি বৈঠকে উত্থাপিত ১১ হাজার ১১৩টি মামলার মধ্যে সাত হাজার ১০১টি মামলা সম্পূর্ণ বা আংশিক ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
নির্যাতনের অভিযোগে ফেনীর আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর বিরুদ্ধে সাংবাদিক টিপু সুলতানের মামলাটি এর আগে প্রত্যাহারের সুপারিশ করা হলেও বৃহস্পতিবারের সভায় কমিটি ওই আদেশ বাতিল করেছে বলে প্রতিমন্ত্রী জানান।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারও ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ এবং ৯৪৫টি মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দেয়। এর মধ্যে হত্যা-ধর্ষণের মামলাও ছিল।
এবারো যাদের মামলা প্রত্যাহার করা হয়েছে, তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতাকর্মী।
আগামীতে ক্ষমতায় যেতে পারলে বিএনপি আবারো নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ‘রাজনৈতিক’ বিবেচনায় দায়ের দেখিয়ে প্রত্যাহার করতে পারে- সাংবাদিকদের এমন বক্তব্যে কামরুল বলেন, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরির মামলা ছিল। মুনতাসির মামুন, শাহারিয়ার কবীর, সাংবাদিক এনামুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিগৃহীত করা হয়েছিল।
“এ রকম প্লেট চুরির মামলা (বিএনপির) কার বিরুদ্ধে হয়েছে একটা উদাহরণ দেন”, প্রশ্ন রাখেন কামরুল।
বিগত জোট সরকারের সময়ে আওয়ামী লীগ কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, “এজহারে নাম নেই, কোনো তদন্ত নেই, কোনো কিছু নেই- তারা ধরে নিয়ে গেছে। বিভিন্ন কর্মসূচির সময় আমাদের হাজার হাজার নেতাকর্মীকে ধরে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
“দ্যাখান, আমরা কাদের বিরুদ্ধে এ রকম মামলা দিয়েছি? ৩০২ এর মামলা দিয়েছি; কোন নেতার বিরুদ্ধে আমরা খুনের মামলা, প্লেট চুরির মামলা দিয়েছি?”
বিএনপি নেতা এহসানুল হক মিলনের বিরুদ্ধে বর্তমান সরকারের সময়ে মামলা হয়েছে- এক সাংবাদিকদের এমন বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এজহারে নাম নেই এমন কোনো মামলায় তাকে ধরা হয়নি। কথাবর্তা বললেই হবে না।
“আমি পরিষ্কার বলতে চাই, বর্তমান আমলে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য, হয়রানি করার জন্য বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে আমরা মামলা করিনি, করছিও না। মামলা করার অভিপ্রায়ও আমাদের নাই।”
সচিবালয়ের বোমা বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উত্তেজিত ভঙ্গিতে কামরুল প্রশ্ন ছোড়েন- সচিবালয়ে বোমা হামলা ঘটেনি?
“বিরোধী দলের নেতারা আজ যেভাবে রাজনীতির মধ্যে সন্ত্রাস আনছে, রাজনৈতিক দলকে সন্ত্রাসী দলে পরিণত করছে, প্রত্যেকটা ঘটনার জন্য সরাসরি তাদের দায়ী করা উচিৎ। সব কিছুকে প্যারালাল করার চিন্তা করবেন না।”
অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত আইন সচিব জহিরুল হকসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
