২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈকত থেকে জাদুঘরে গেল নৌকাটি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পাওয়া কাঠের সেই বিশাল নৌকাটি জাদুঘরে নেয়া হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 10:12 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার দুপুরে কুয়াকাটার নবনির্মিত একটি জাদুঘরে নৌকাটি স্থাপনের পর সেনা সদস্যরা সেটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বেগম শিরিন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭২ ফুট লম্বা, ২৪ ফুট চওড়া এবং ৭৩ টন ওজনের কাঠের তৈরি এ নৌকাটি ২০১২ সালে কুয়াকাটার সৈকতে জেগে ওঠে।

এরপর নৌকা বিশেষজ্ঞ ইভস মারের নেতৃত্বে একটি দল সরেজমিনে পরিদর্শনের পর এটি সংরক্ষণের উদ্যোগ নেন।

নৌকাটি উদ্ধারের কাজে দায়িত্বরত মেজর বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌকাটি ৩.১ কিলোমিটার দূরে নেয়ার জন্য সমুদ্র সৈকত ও ঝাউ বাগানের মধ্যদিয়ে রাস্তা ও অস্থায়ী রেল লাইন স্থাপন করা হয়। এর ফলে নৌকাটি ক্ষতিগ্রস্থ হয়নি।

উদ্ধার কাজ চলার সময়ই হাজারো পর্যটক শত বছরের পুরনো এ নৌকাটি দেখতে ভিড় করে বলে জানান মেজর বারী।

এটি সংরক্ষণের ফলে কুয়াকাটায় দর্শনীয় স্থান হিসেবে নতুন মাত্রা পেল বলেও মনে করেন তিনি।