রোকেয়ায় বেতন বঞ্চিতদের ধর্মঘটের ডাক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।
বুধবার রাত ৭টায় মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকদের একাংশ জরুরি সভা করে এ কর্মসূচি ঘোষণা করেন।
সভা শেষে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক আবু কালাম মো. ফরিদ উল ইসলাম এবং সদস্য সচিব গাজী মাজহারুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মে মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। রোজার ঈদে বোনাসও পাননি। বেতন ও বোনাসের দাবিতে ২৫ জুলাই থেকে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা।
উপাচার্য ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। তাই শিক্ষকরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে বলে জানান দুই শিক্ষক।
এদিকে বেতন না পেলেও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের শিক্ষকরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
সংগঠনের সদস্য সচিব তুহিন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেতন ছাড়া চলতে পারছি না ঠিকই। তাই বলে শিক্ষার্থীদের জিম্মি করে বেতন আদায়ের ঘটনা দুখঃজনক।”
উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ২৮৫ জনের বাইরে সাবেক উপাচার্য ৩৩৩ জন শিক্ষক-কর্মচারিকে অস্থায়ীভাবে নিয়োগ দেন। অতিরিক্ত শিক্ষক-কর্মচারিদের বেতন দিতে গিয়েই টাকা ফুরিয়ে যায়।
“বেতন দেয়ার চেষ্টা চলছে। শিক্ষকদের একাংশ সময় না দিয়ে ধর্মঘট আহ্বান করে বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন।”
