খুলনায় বোমা হামলায় তিন আ.লীগ কর্মী আহত
খুলনার সোনাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের ছোড়া হাতবোমায় স্থানীয় তিন আওয়ামী লীগ নেতা-কর্মী আহত হয়েছেন।
সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, সোমবার রাত ১০টার দিকে বয়রা বাজারের পাবলিক কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খন্দকার বাহউদ্দিন ও কর্মী আশরাফুজ্জামান খোকন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
ওসি কামরুজ্জামান বলেন, “আহতরা আশঙ্কামুক্ত। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।”
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
