২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী যুবক হত্যা: ছয়দিনেও গ্রেপ্তার হয়নি আসামিরা

ছাত্রলীগ নেতার পিটুনীতে শারীরিক প্রতিবন্ধী যুবক নিহত হওয়ার ছয়দিন পরেও কেউ গ্রেপ্তার না হওয়ায় এর প্রতিবাদে সাভারে র‌্যালি ও মানববন্ধন হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

গত মঙ্গলবার সাভার থানা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল হোসেন ও তার সহযোগীরা প্রতিবন্ধী শামীম হোসেন ফকিরকে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় চারদিন পর শনিবার হাসপাতালে মৃত্যু হয় তার।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও র‌্যাব কাজ করে যাচ্ছে।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারে গেন্ডা বাসস্ট্যান্ডে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, পল্লী উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা, স্পাইনাল কর্ড ইনজুরি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডাব), জাতীয় প্রতিবন্ধী ফোরামের কয়েকশ’ সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিহতের স্বজনরা।

এ সময় তারা হত্যাকারী ছাত্রলীগ নেতাদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করে এবং কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিক্ষোভকারীরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও পেশ করেন।

Image
সাভারে প্রতিবন্ধী শামীম হত্যার প্রতিবাদে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করছে প্রতিবন্ধি লোকজন ও নিহতের স্বজনরা।

সাভারে প্রতিবন্ধী শামীম হত্যার প্রতিবাদে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করছে প্রতিবন্ধি লোকজন ও নিহতের স্বজনরা।

শামীমের বড় বোন নাজমা আক্তার অভিযোগ করেন, “আমার ভাইকে যারা হত্যা করেছে সেই ফয়সাল ও জনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।”

“হত্যাকারীরা সরকারি দলের লোক, তাই আমরা কি কোনো বিচার পাব না?”

শামীম (২৫) ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার মৃত ফারুক হোসেন ফকিরের ছেলে। জন্ম থেকে তার শরীরের ডান দিক বাঁকা।

এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ নেতা ফয়সল (৩৫) ও যুগ্ম আহ্বায়ক মো. জনিসহ অজ্ঞাত পরিচয়ের আরো ২/৩ জনকে আসামি করে একটি মামলা করেন শামীমের মা বিউটি হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে সাভার বাজার রোডে উৎসব প্লাজার সামনে একটি দোকানে মোবাইলে টাকা ভরাকে কেন্দ্র করে শামীমের সঙ্গে ছাত্রলীগ নেতা ফয়সালের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে ফয়সাল ও তার সহযোগী জনিসহ আরো কয়েকজন মিলে শামীমকে এলোপাতাড়ি মারধর ও রড দিয়ে পিটিয়ে জখম করে এবং শামীমের পকেটে থাকা ৫ হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে যায়।