আটকের কথা স্বীকার করেছে বিএসএফ
নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বিএসএফ।
রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিতপুর সীমান্তের ২৩০/৫৩ আর পিলারের পাশে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে একথা জানানো হয়।
এর আগে শনিবার এক পতাকা বৈঠকে কাউকে আটকের কথা অস্বীকার করেছিল বিএসএফ।
নিতপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার ভোররাতে নাজমুল হককে (২৫) ধরে নিয়ে যায় বিএসএফ।
বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার কাজী আব্দুল গনি জানান, এই পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ কাদেরীপাড়া কোম্পানি ক্যাম্পের এসআই বিজয় মুতান্নাভ এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার কাজী আব্দুল গনি।
আব্দুল গনি আরো জানান, পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক নাজমুল হককে আটকের পরদিন চোরাকারবারি হিসেবে ভারতের হবিপুর থানায় সোর্পদ করা হয়েছে।
সীমান্ত এলাকার একটি হাট থেকে থেকে গরু কিনে ভারতের হরিশচন্দ্রপুর ও আগ্রাবাদ বিএসএফ ক্যাম্প এলাকার ২২৮/২২৯ পিলারের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ভারতের ওই দুই ক্যাম্পের বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
নাজমুল পোরশা উপজেলার অনন্তপুর গ্রামের আলীউল হকের ছেলে।
