২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ‘জামায়াতকর্মী’ নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ‘জামায়াতে ইসলামীর এক কর্মী’ নিহত হয়েছেন। আহত হন তিনজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 06:44 PM

পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে সিরাজপুর ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এনু মিয়ার বাড়িতে এ বিস্ফোরণ হয়।

নিহত ইসমাইল হোসেন সুমন (২৮) বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদের ছেলে।

তিনি জামায়াত সংশ্লিষ্ট বসুরহাট ক্যাডেট মাদ্রাসার গাড়িচালক ছিলেন এবং জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি এবং ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে।

্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে এনু মিয়ার বাড়িতে জামায়াতকর্মী মোহাদ্দেছের ঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়।

এতে ঘরের টিনের চাল উড়ে যায় এবং পুরো ঘরটি বিধ্বস্ত হয়।

পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া এলাকা থেকে আহত অবস্থায় ইসমাইল হোসেন সুমনকে আটক এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়।

ওসি সাজেদুর রহমান আরো জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা জামাকাপড় ও বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

আহত অবস্থায় তিনজনকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখেছেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

তিনি আরো জানান, আটকরা হলেন শিবিরকর্মী শাহাজাদপুর গ্রামের জিয়াউল হকের ছেলে সামছুদ্দিন মানিক (২২) এবং সিরাজপুর ইউনিয়ন জামায়াতের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বসুরহাট পৌরসভার ছোট রাজাপুরের মীর আহম্মেদ সারেয়ের ছেলে জামাল উদ্দিন (৩২)।

এছাড়া বাড়ির মালিক মোহাদ্দেছকে আটকের চেষ্টা চলছে, বলেন ওসি।