২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা তৈরিতে জড়িত জামায়াতের কাউন্সিলর’

চট্টগ্রাম সিটি করপোরেশনের জামায়াতে ইসলামী সমর্থিত এক কাউন্সিলরের বিরুদ্ধে বোমা তৈরিতে পৃষ্ঠপোষকতার অভিযোগ করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

গত শুক্রবার তার নির্দেশেই নগরীর খুলশী এলাকার একটি ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে মানিক নামে এক যুবক আহত হয় বলে জানান নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুর রউফ।

২০১০ সালের চসিক নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত মাহফুজুল জামায়াতের নেতা বলে স্বীকার করেছেন নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ।

আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আগেও একাধিকবার মাহফুজুলের জন্য সে বোমা বানিয়েছে।

“এসব বোমা হরতাল চলাকালে নগরীতে নাশকতা সৃষ্টিতে ব্যবহৃত হয়।”

শুক্রবার বিকালে নিজের বাসায় বোমা বিস্ফোরণের পর আহত অবস্থায় পালিয়ে যায় মানিক। পরে রাতে নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রউফ বলেন, “মানিক সেখানে পরিচয় গোপন করে মনির নামে চিকিৎসা নিচ্ছিল।”

তিনি জানান, রাতেই তার বাসায় তল্লাশি চালিয়ে দুধরনের গান পাউডার ও স্কচটেপসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বর্তমানে মানিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, মানিক আহত হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

“নাশকতার জন্য নগরীর আর কোথায় কোথায় এভাবে বোমা তৈরি করা হয়, কারা জড়িত-এসব বিষয়ে অনুসন্ধান করা হবে। মাহফুজুলকে গ্রেপ্তারেও অভিযান চলছে।”

বোমা বিস্ফোরণের ঘটনায় খুলশী থানায় উপ-পরিদর্শক শাহ আলম সরকার বাদি হয়ে মানিক ও মাহফুজুল আলমকে আসামি করে রাতেই একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কাওসার আলম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহফুজুলের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে তাকে বাসায় পাওয়া যায়নি।

কাউন্সিলর মাহফুজুল আলমের মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে জামায়াত নেতা মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহফুজুল দলের রাজনীতি করেন। তবে এবিষয়ে আমার কিছু জানা নেই।”