২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুনের দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় এক যুবক খুনের ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার সকালে সৈয়দ শাহ রোড থেকে মহিউদ্দিন (২৫) এবং কালামিয়া বাজার এলাকা থেকে হাসানকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

গত শুক্রবার দুপুরে কালামিয়া বাজারের একটি কমিউনিটি সেন্টারের পেছন থেকে মো. ইকবাল (২৭) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ইকবাল কালামিয়া বাজারের সৈয়দের বাপের বাড়ি সংলগ্ন হাজী আবদুস সোবহানের বাড়ির মোহাম্মদ সেকান্দারের ছেলে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার মহিউদ্দিনের বাসা থেকে রক্তমাখা কিছু কাপড় উদ্ধার করা হয়েছে।

“গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় আরো দুজন জড়িত। তবে তারা এখনো পলাতক।”

গ্রেপ্তার দুজন পুলিশকে জানান, প্রায় দুই মাস আগে ইকবালের ও তার বন্ধুদের সঙ্গে মহিউদ্দিন ও হাসানের মারামারি হয়। এ ঘটনার জেরেই তারা ইকবালকে হত্যার পরিকল্পনা করেন।

ওসি মহসিন বলেন, হত্যার বিষয়ে বিস্তারিত জানতে গ্রেপ্তার দুইজনকে রিমান্ডে চাওয়া হবে।