চট্টগ্রাম সার কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে আট মাস ধরে বন্ধ থাকা চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ব্যবস্থাপনা পরিচালককে নিজ বাংলোতে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।
কারখানার মাস্টার টেকনিশিয়ান আবদুস সালাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক-কর্মচারীরা কারখানায় কাজ করে বেতন নিতে চায়। কারখানা রেখে এটিকে লোকসানি খাতে ফেলে দেয়ার ষড়যন্ত্র করছে একটি মহল।
তিনি বলেন, “কাফকো ও সিইউএফএল কারখানা দুটিতে একসঙ্গে গ্যাস সরবরাহ করে উৎপাদন শুরুর কথা ছিল। কিন্তু অদৃশ্য ষড়যন্ত্রে কাফকোতে গ্যাস সরবরাহ করা হলেও সিইউএফএলকে গ্যাস দেয়া হচ্ছে না।”
অবিলম্বে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানা চালুর দাবি জানান তিনি।
‘শ্রমিক-কর্মচারীদের দাবি অযৌক্তিক নয়’ মন্তব্য করে সিইউএফএলের এমডি জামাল সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচটি সার কারখানায় একসঙ্গে গ্যাস সরবরাহ করার কথা থাকলেও কোনো কারণে সিইউএফএলকে দেয়া হয়নি।
কারখানাগুলোতে গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। কারখানাগুলো পর্যায়ক্রমে বন্ধ রাখার পর সে অনুসারে গ্যাস সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
গত ২০১২-২০১৩ অর্থবছরে ২৬৬ দিন কারখানাটি বন্ধ ছিল উল্লেখ করে জামাল বলেন, গ্যাস সরবরাহের মাধ্যমে কারখানা চালুর জন্য বিভিন্ন পর্যায়ে চিঠি দেয়া হচ্ছে।
গ্যাসের স্বাভাবিক সরবরাহ থাকলে সিইউএফএলে প্রতিদিন প্রায় সতেরশ টন সার উৎপাদন করা সম্ভব, যা জন্য প্রতিদিন গড়ে ৫৩ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।
তবে কমপক্ষে ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পেলেও দেড় হাজার টন সার উৎপাদন করা সম্ভব বলে জানান এমডি।
পর্যাপ্ত গ্যাসের অভাবে গত ১৫ জানুয়ারি থেকে বন্ধ থাকলেও সিইউএফএলের সাড়ে নয়শ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা বেতন-ভাতা পাচ্ছেন। তবে তাদের আশঙ্কা, গ্যাসের অভাবে একদিন হয়তো কারখানাটি একেবারেই বন্ধ হয়ে যাবে।
তবে মার্চ থেকে বন্ধ থাকা সিইউএফএলের পাশের কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেডে (কাফকো) বুধবার থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। শুক্রবার থেকে কারখানাটি পুরোদমে উৎপাদনে যাবার কথা।
