ট্রেনের সামনে নসিমন, নিহত ২
গাজীপুরের কালীগঞ্জে ঝুঁকি নিয়ে রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক নসিমন চালক ও এক যাত্রী।
শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নসিমনের চালক রাসেল (৩০) ও যাত্রী রহিম উদ্দিন (৩৫)। নসিমনের আরেক যাত্রীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই পিন্টু জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী নোয়াখালী এক্সপ্রেস ভোর সাড়ে ৫টার দিকে দড়িপাড়া রেলক্রসিংয়ের কাছাকাছি এলে ক্রসিংয়ের প্রতিবন্ধক নামিয়ে দেয়া হয়। কিন্তু নসিমন চালক তা এড়িয়ে ভেতরে ঢুকে পড়েন এবং দ্রুত রেললাইন পার হতে গিয়ে ট্রেনের সামনে পড়ে যান।
নোয়াখালী এক্সপ্রেসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত বাহনটি ছিটকে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রাসেল ও রহিম।
রেল পুলিশ নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে এসআই পিন্টু জানান।
