বরিশাল-ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ২
বরিশাল ও ঝিনাইদহে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও টেম্পুর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিলক কলাডেমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. রফিক (৪০) নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।
বরিশাল বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, ট্রাকের ধাক্কায় টেম্পুটি উল্টে গেলে গুরুতর আহত হন রফিক। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
ঝিনাইদহের দুর্ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরে, এতে নিহত আসাদুল ইসলাম আসাদ (৩৬) কালীগঞ্জ উপজেলা শহরের আস-শেফা ডায়গনস্টিক সেন্টারের মালিক।
কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, আসাদুল বিকালে মোটর সাইকেলে মহেশপুর থেকে কালীগঞ্জ ফিরছিলেন। পথে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান তিনি।
আহত আসাদকে যশোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
