২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের মারামারিতে কাউখালীতে শোক দিবসের অনুষ্ঠান পণ্ড

ছাত্রলীগের মারামারিতে পিরোজপুরের কাউখালীতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার সকালে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “উচ্ছৃঙ্খল কিছু যুবকের কারণে পরিস্থিতির অবনতির শঙ্কায় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।”

মারামারিতে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছুরিকাহত মাহফুজুর রহমান শাওনকে (২৬) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক।

আহত অন্যরা হলেন- শাওন সিকদার (২২), মো. হানিফ (৩৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সিকদার (৩৭) ও বর্তমান আহ্বায়ক মো. সুমন খন্দকার (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শোক শোভাযাত্রার পর আলোচনা সভা শুরু হলে সুমন খন্দকারকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসাবে পরিচয় করিয়ে দেয়া নিয়ে দুই পক্ষের বাক-বিতণ্ডা শুরু হয়। এরপর উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়।