২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতার পিটুনিতে ‘আশঙ্কাজনক’ প্রতিবন্ধী

কথা কাটাকাটির জেরে সাভারে এক ছাত্রলীগ নেতা এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 04:43 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

নির্যাতনের শিকার শামীম হোসেন ফকিরকে (২৫) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে জানান, “শামীমের অবস্থা আশঙ্কাজনক।”

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নাজিম উদ্দিন জানান, তিনি বৃহস্পতিবার সকালে শামীমকে দেখেছেন। তার অবস্থা খুবই খারাপ। শামীম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

শামীম ধামরাই থানার ফোর্ডনগর এলাকার মৃত ফারুক হোসেন ফকিরের ছেলে। জন্ম থেকেই তার ঘাড়সহ শরীর ডান দিকে বাঁকা।

বৃহস্পতিবার সকালে শামীমের মা বিউটি হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা (নং-৪১) দায়ের করেছেন।

মামলায় সাভার থানা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল হোসেন (৩৫), যুগ্ম-আহ্বায়ক মো. জনি (৩০) সহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি আমিনুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সাভার বাজার রোডে উৎসব প্লাজার সামনে একটি দোকানে মোবাইলে টাকা ভরাকে কেন্দ্র করে শামীমের সঙ্গে ছাত্রলীগ নেতা ফয়সালের বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে ফয়সাল ও তার সহযোগী জনিসহ আরও ২/৩ জন মিলে শামীমকে এলোপাথাড়ি মারধর ও রড দিয়ে পিটিয়ে জখম করে।

এ সময় সঙ্গে থাকা রাজীব মোল্লা শামীকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। তখন রাজীব দৌড়ে পালিয়ে যায়।

মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রলীগ নেতারা শামীমের পকেটে থাকা ৫ হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে যায়।

পরে পথচারীরা শামীমকে সঙ্গাহীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বলে জানান ওসি আমিনুর।

তিনি জানান, দায়ীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ব্যাপারে সাভার থানা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।