২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে ছাত্রলীগকর্মী খুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক ছাত্রলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বুধবার রাত ১১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা খেয়াঘাটে দুর্বৃত্তরা বোরহান চৌধুরীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

বোরহান (২৭) দেবগ্রাম ইউনিয়নের আব্দুল গফুর চৌধুরীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগকর্মী হিসাবে পরিচিত।

এ সময় বোরহানের সঙ্গে থাকা সবদুল মোল্লা ও জাহাঙ্গীর শেখকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

তাদেরকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আবুল বাসার জানান, রাতে মোটরসাইকেলে করে বোরহানের শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন তিনজন। খেয়াঘাটের কাছে ৫-৬ দুর্বৃত্ত তাদের গতিরোধ করে বোরহানের মাথায় একটি ও কোমড়ে দুটি গুলি করে।

অপর দুজনকে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দেশিয় বন্দুকের একটি বাট ও নিহত বোরহানের  ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই গিয়াস উদ্দিন চৌধুরী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।