২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ৯ ‘জঙ্গি’ গ্রেপ্তার, গ্রেনেড উদ্ধার

ঝালকাঠীর নলছিটি উপজেলার একটি কওমি মাদ্রাসা থেকে প্রশিক্ষণরত অবস্থায় জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

এ সময় গ্রেনেড অস্ত্রসহ বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়।

গোপন সংবাদে বুধবার রাত ১০ উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর কওমি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গ্রেপ্তারকৃতদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়।

এরা হলেন- মশিউর রহমান, আবুল বাশার মৃধা, মিনহাজুল আবেদিন, মো. সেরাজুল ইসলাম, আব্দুল আজিজ, মো. নুরুল ইসলাম, মো. সোহাগ, জোবায়ের ও মো. বাকি বিল্লাহ।

এদের বাড়ি নীলফামারী, গোপালগঞ্জ, মাদারীপুর ও ঝালকাঠী জেলার বিভিন্ন এলাকায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

“মশিউর রহমান ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া হুজি নেতা আব্দুল রউফের সঙ্গে বিভিন্ন সময় জেলখানায় দেখা করেছেন এবং যোগাযোগ রাখতেন। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এ চক্রের বাকিদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।