মাদারীপুরে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
মাদারীপুরে এক গৃহবধূর মৃত্যুর পর তার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির মানুষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার শ্রীনদী গ্রামে সংঘটিত এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক এএসএম মহসিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এলোপাতাড়ি কোপানো হয়।
সদর উপজেলার শ্রীনদী গ্রামে অঞ্জলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ মঙ্গলবার তার শ্বশুরবাড়িতে পাওয়া যায়।
অঞ্জলীর বাবার বাড়ির লোকজন একে হত্যাকাণ্ড বললেও শ্বশুরবাড়ির লোকজন তা অস্বীকার করে। এরপর অঞ্জলীর লাশের ময়নাতদন্ত হয়।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের পর বুধবার সন্ধ্যায় অঞ্জলীর চাচা কামাল হোসেনের কাছে লাশ হস্তান্তর করে আসে পুলিশ। এরপর পরপরই শ্বশুর বাড়ির লোকজন লাশ ছিনিয়ে নেয়ার জন্য হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ শ্রীনদী গ্রামে যায়।
প্রথম লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
ওসি বলেন, “এক পর্যায়ে পুলিশের ওপর হামলা শুরু হয়। মহসিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়।।”
এরপর পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে।
