চট্টগ্রামে শিবিরের হাতবোমায় কিশোর আহত
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে চট্টগ্রামে শিবিরিকর্মীদের ছোড়া হাতবোমায় আহত হয়েছে এক কিশোর।
বুধবার দুপুরে বাকলিয়া থানাধীন মিয়াখান নগরে এ ঘটনা ঘটে।
আহত মো. বাবুল (১৩) বাকলিয়ার তক্তার পুল এলাকার মো. কুদ্দুস মিয়ার ছেলে।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, “দুপুরে মিয়াখান নগর ব্রিজের উপর শিবির কর্মীরা হাতবোমা ফাটায়। বাবুল তখন ব্রিজ দিয়ে হেঁটে আসছিল।”
বাবুল বাঁ হাতের বাহুতে আঘাত পেয়েছে জানিয়ে ওসি মহসিন বলেন, তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাই কোর্ট নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করায় মঙ্গল ও বুধবার টানা দুই দিনের এই হরতাল করে জামায়াত।
এই দুই দিনে রাজশাহী, সিরাজগঞ্জ, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং বিক্ষিপ্ত বোমাবাজি করে। বুধবার সকালে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক শিবির নেতা নিহত হয়।
