২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে পুশইন

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আট মাস কারাভোগের পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 01:51 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

বুধবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তপথে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

এরা হলেন যশোরের কোমরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক (৩৪) এবং ববনিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে আক্তারুল ইসলাম (২৯)।

আট মাস আগে এরা অবৈধপথে সীমান্ত অতিক্রম করার পর ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন বলে বিজিবি জানায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের মেদিনীপুর ক্যাম্পের ইনচার্জ হাবিলদার তোতা মিয়া জানান, সীমান্তের ওপারে আটক হয়ে এ দুই বাংলাদেশি ভারতের দমদম কারাগারে আট মাস কারাভোগ করেন।

মঙ্গলবার কারাগার থেকে ছাড়া পেলে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বানপুর ক্যাম্পে নিয়ে আসা হয়।

বানপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ৬৪ মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ফেরত পাঠান।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, বুধবার সকালে মেদিনীপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদের পর বেলা সাড়ে ১২টায় তাদের জীবননগর থানায় সোপর্দ করেছে।

জীবননগর থানার ওসি আব্দুর রকিব খান জানান, এ ঘটনায় বিজিবি অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

পুরনো খবর:

ফেলানী হত্যার বিচার শুরু: নির্দোষ- দাবি বিএসএফ সদস্যের