জেসমিনের জামিন বাতিল চায় দুদক
মুদ্রা পাচার মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে দেয়া জজ আদালতের জামিন বাতিলের জন্য হাই কোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন।
তিনি জানান, প্রতি মাসে ১০০ কোটি টাকা দেয়ার শর্তে সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারিতে জড়িত জেসমিন ইসলামকে গত ৪ অগাস্ট জামিন দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। ওই জামিন বাতিলের জন্যেই তারা আবেদন করেছেন।
অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এই মামলায় জেসমিনের স্বামী, হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। কারাগারে রয়েছেন জেসমিনের বোনের স্বামী তুষার আহমেদও।
জেসমিন এর আগে বিচারিক আদালত থেকে আরেকবার জামিন পেলেও উচ্চ আদালত তাতে অসম্মতি জানায়। ফলে তার কারামুক্তি ঘটেনি।
কোম্পানির লেনদেনে কোনো ভূমিকা ছিল না দাবি করে জেসমিন হাই কোর্টে জামিনের আবেদনে বলেছিলেন, কোম্পানির লেনদেন ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের একক স্বাক্ষরে হতো বলে অনিয়মের দায় তার ওপর বর্তায় না।
জামিনের আবেদনে জেসমিন বলেছিলেন, তিনি ঋণগ্রহিতা ১১ কোম্পানির চেয়ারম্যান হলেও রমনা থানায় দায়ের করা ১১ মামলার ১০টির এজাহারেই তাকে আসামি করা হয়নি।
হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কোম্পানির ব্যাংক হিসাবগুলো স্বামী তানভীরের একক স্বাক্ষরে পরিচালিত হত বলে জানান তিনি।
অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগ ওঠার পর গত বছরের ১৮ অক্টোবর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর। তাদের বিরুদ্ধে দুদক ১১টি মামলা করে।
ঋণের অর্থ ফেরত দিতে রাজি হওয়ায় এবং ছেলের এসএসসি পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে জেসমিনকে ৫০ হাজার টাকার মুচলেকায় দেড় মাসের জামিন দিয়েছিল বিচারিক আদালত।
এরপর দুদকের এক আবেদনে জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়।
