চাঁদপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন
চাঁদপুরে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের সশ্রম কারাভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় দেন।
চাঁদপুরের অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম জানান, দণ্ডিত সালামত শিকদার (৩০) কচুয়া উপজেলার নিন্দপুর এলাকার সিরাজ শিকদারের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের সেপ্টেম্বরে সালামত তার চাচাতো বোনকে (১৫) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। মেয়েটি সন্তান সম্ভবা হলে এলাকায় শালিস হয়। এতে সালামত মেয়েটিকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সন্তান হওয়ার পর সালামত পালিয়ে যান।
পরে ২০০৫ সালের ৩০ মে ঘটনার শিকার কিশোরী বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই বছরের ২৯ অগাস্ট কচুয়া থানার তৎকালীন ওসি সাইফুল আলম চৌধুরী অভিযগপত্র দাখিল করেন।
