ফেনীতে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ
হাতবোমা বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিলের মধ্য দিয়ে ফেনীতে সকালে হরতাল শুরু করেছে জামায়াতে ইসলামী।
নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে সারাদেশে মঙ্গলবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে শহরের শিশু নিকেতনের সামনে টায়ারে অগ্নিসংযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
সকাল সাড়ে আটটার দিকে শহরের বড় জামে মসজিদের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার সিলোনিয়ায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করার কিছুক্ষণ পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শহরের খাজুরিয়া এলাকায় ঝটিকা মিছিল করে রিকশা ভাংচুর করেছেন শিবিরকর্মীরা।
বড় জামে মসজিদের সামনে পিকেটারদের ধাওয়া করে পুলিশ ও র্যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছোঁড়ে পুলিশ।
গত ১ অগাস্ট এক রিট আবেদনের রায়ে হাই কোর্ট রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে। আইন অনুযায়ী নিবন্ধন না থাকলে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে না।
