হরতাল প্রত্যাখানে মিছিল করবে গণজাগরণ মঞ্চ
জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাখান করে মিছিল করবে গণজাগরণ মঞ্চ।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সোমবার এক বিবৃতিতে এ কথা জানান।
তিনি বলেন, “হরতালের নামে জামায়াত-শিবিরের যে কোনো নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে গণজাগরণ মঞ্চের কর্মীর।”
মঙ্গলবার শাহবাগের প্রজন্ম চত্বরে সকাল ১১টা থেকে অবস্থান নেবে মঞ্চের কর্মীরা। সেখান থেকেই বের হবে হরতালবিরোধী মিছিল।
গত ১ অগাস্ট হাই কোর্ট এক রায়ে রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করে। রায় প্রত্যাখ্যান করে ওইদিনেই ১২ ও ১৩ আগস্ট হরতালের ডাক দেয় জামায়াত। পরে তা একদিন পিছিয়ে ১৩ ও ১৪ অগাস্ট নতুন তারিখ দেয়।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ একাত্তরে যুদ্ধাপরাধের জন্য জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের প্রতিটি হরতাল প্রতিরোধেই কর্মসূচি পালন করে আসছেন মঞ্চের কর্মীরা।
