মিঠাপুকুরে ২২ শিবিরকর্মী আটক
জামায়াতের ডাকা হরতালের আগের দিন রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের ২২ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের বলদিপুকুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে আতঙ্ক সৃষ্টির জন্য শিবিরকর্মীরা বলদিপুকুর এলাকায় যানবাহন ভাংচুরের চেষ্টা করে।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করা হয়েছে।
নিবন্ধন বাতিলের প্রতিবাদে মঙ্গল ও বুধবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
