মিরসরাইয়ে দুর্ঘটনায় কভার্ড ভ্যান চালক নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি কভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন।
নিহত মো. শহীদ (৪০) নোয়াখালীর কবিরহাটের রামদি এলাকার মো. হানিফের ছেলে। এ ঘটনায় অন্য দুজন আহত হয়েছেন।
সোমবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর হোসেন জানান, ভোররাতে জোরারগঞ্জ এলাকায় একটি ট্রাক ও একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে কভার্ড ভ্যান চালক শহীদ এবং ট্রাকচালক মো. মিন্টু ও তার সহকারী আমিনুল আহত হন।
ভোররাত ৪টার দিকে আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।
