২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের কুকুর কিনতে গিয়ে হয়রানিতে

র‌্যাবের একটি কুকুর কিনতে গিয়ে হয়রানিতে পড়তে হয়েছে এক ব্যবসায়ীকে।

লিটন হায়দার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 12:04 AM

Updated : 23 Aug 2022, 06:42 PM

জামাল হোসেন নামে রাজধানীর কাঁটাবনের ওই ব্যবসায়ী দাবি করেছেন, বেশি দাম হাঁকতে রোববার দিনভর তাকে উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে আটকে রাখা হয়।

ব্যবসায়ীকে কার্যালয়ে রাখার কথা স্বীকার করলেও র‌্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত দাবি করেছেন, তার সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।

জামাল হোসেন পশু-পাখির ব্যবসা করেন, কাঁটাবন মার্কেটে ‘মিনি হবি জু’ দোকানের মালিক তিনি।

জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি শেফার্ড কুকুর বিক্রির কথা বলে সকাল ১০টার দিকে র‌্যাব-১ থেকে তাকে ফোন করে ডেকে নেয়া হয়। কুকুরটি দেখার পর তিনি এর দাম বলেন ৫ হাজার টাকা।

“এরপর আমাকে এক কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ওই টাকার অঙ্ক বললে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং খারাপ আচরণ করেন। আমার মোবাইল ফো্ন দুটি কেড়ে নেয়া হয়। তারপর অন্য একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়।”

সারাদিন ওই কক্ষেই ছিলেন জানিয়ে জামাল বলেন, “১০ হাজার টাকায় কুকুরটি কিনতে রাজি হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে আমাকে ছেড়ে দেয়া হয়।”

এ বিষয়ে জানতে লেফটেন্যান্ট কর্নেল কিসমতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জামালকে উত্তরায় র‌্যাব-১ কার্যালয়ে ডেকে নেয়ার কথা স্বীকার করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি এই কুকুরটির দাম আগে ২০ হাজার টাকা বলেছিলেন, এখন বলছেন ৫ হাজার টাকা। যেন তিনি আমাদের সাথে ঠাট্টা করছেন!

“তাকে রাখা হলেও কোনো খারাপ আচরণ করা হয়নি।”

বেশি দাম দিতে বাধ্য করার বিষয়ে ব্যবসায়ীর অভিযোগের বিষয়ে র‌্যাব কর্মকর্তা কিসমত বলেন, “তাকে ছেড়ে দেয়ার সময় শুধু বলা হয়েছে- ১০ হাজার টাকা হলে নিয়ে যাবেন, না হলে বিক্রি করা হবে না।”

তিনি জানান, কুকুরটি র‌্যাব-১ এর; যদিও র‌্যাবের ডগ স্কোয়াড রয়েছে।

বিক্রি করা হচ্ছে কেন- জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল কিসমত বলেন, “আমরা চেষ্টা করছিলাম, এই কুকুরটিকে কোনো কাজে লাগানো যায় কি না। কিন্তু তা হয়নি।”