২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর জন্য নতুন জামা নিয়ে জেলগেইটে অপেক্ষা

একটি মামলায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার হওয়ার পর গত ২০ দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন কামরাঙ্গীর চরের শাহীন হোসেন। ঈদের দিনে নতুন জামা নিয়ে তাকে দেখতে এসেছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 03:13 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

প্রতিবারের মতো এবারো ঈদের দিন কয়েদি ও হাজতিদের সঙ্গে স্বজনদের দেখা করার বিশেষ সুযোগ দিচ্ছে কারা কর্তৃপক্ষ। স্বজনদের কেউ খাবার বা পোশাক নিয়ে এলে তা পৌঁছে দেয়া হচ্ছে সংশ্লিষ্টদের কাছে।

কেন্দ্রীয় কারাগারের পরিদর্শন ফটকের বাইরে তিন বছরের মেয়ে সানজিদা ও ছয় বছরের ছেলে শান্তকে নিয়ে স্বামী শাহীনের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় দেখা গেল হাসিনা বেগমকে।

তিনি জানান, স্বামীর জন্য কোনো খাবার তৈরি করে না আনলেও নতুন শার্ট, লুঙ্গি ও গেঞ্জি এনেছেন। বেলা ১২টায় ভেতরে যাওয়ার স্লিপ পেয়েছেন।

টুটুল নামে এক কয়েদির মা আখেরুন বেগম, নূর হোসেনের বাবা মো. জলিলসহ বহু কয়েদির নিকটজনদের দেখা গেল ফটকের বাইরে অপেক্ষা করছেন। তাদের মধ্যে কেউ এনেছেন আপনজনের জন্য নতুন পোশাক। পোলাও, মাংস, সেমাইও রান্না করে এনেছেন কেউ কেউ।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় জেলখানার ভিতরে একই সময় পাঁচটি ঈদ জামাত হয় এবার। আইজি (প্রিজন) আশরাফুল ইসলাম খানসহ জেল পুলিশের কর্মকর্তারা এই জামাতে শরিক হন।

এবার প্রায় সাড়ে ছয় হাজার আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের নামাজ আদায় করেছেন, যাদের মধ্যে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদও রয়েছেন।

ঈদের নামাজ শেষে আশরাফুল ইসলাম বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে মোট ছয় হাজার ৫৮০ জন কয়েদি ও হাজতি রয়েছেন। আর সারা দেশে কারাগারগুলোতে রয়েছেন ৬২ হাজারের বেশি কয়েদি।

এবার ঈদে নারী কয়েদিদের জন্য শাড়ি এবং শিশুদের জন্য নতুন পোশাক দিয়েছে কারা কর্তৃপক্ষ। আর পুরুষ কয়েদিরা পেয়েছেন লুঙ্গি ও পাঞ্জাবি।

প্রতিবারের মতো এবারো ঈদের দিন কারাগারে বন্দিদের জন্য ‘উন্নত মানের’ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে আশরাফুল ইসলাম জানান।

এছাড়া স্বজনরা যে খাবার আনছেন, পরীক্ষা করে তা নির্দিষ্ট ব্যক্তিকে দেয়া হচ্ছে বলে জানান তিনি।