২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে ঈদ এমপি সালাউদ্দিন কাদের-রনির

কাশিমপুর কারাগারে এবার ঈদ করছেন দুই সংসদ সদস্য, যাদের একজন সরকারি দলের গোলাম মাওলা রনি এবং অন্যজন হলেন বিরোধী দলের সালাউদ্দিন কাদের চৌধুরী।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 12:35 AM

Updated : 23 Aug 2022, 06:41 PM

তাদের সঙ্গে আরো কয়েকজন সাবেক মন্ত্রী-এমপিসহ বিভিন্ন ভিআইপি বন্দিরা গাজীপুরের সুরক্ষিত এই কারাগারে ঈদ করছেন। 

এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, শফিকুর রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রমুখ।

শুক্রবার ঈদের দিন সরকারি ব্যবস্থায় দেশের সব কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর কারাধ্যক্ষ মো. নেছার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার কারাগারে রয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের।

লুৎফুজ্জামান বাবরের পাশাপাশি জামায়াত নেতা নিজামী, শফিকুর রহমান, একেএম ইউসুফ ও আব্দুস সোবাহান এই কারাগারে রয়েছেন।  

এই কারাগারে থাকা ৮৮৪ জন আসামির মধ্যে যুদ্ধাপরাধে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদী এবং জেএমবি সদস্য সালাহউদ্দিন সালেহীসহ ৭৩ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস জানান, তার কারাগারে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মারধরের মামলার আসামি আওয়ামী লীগ সাংসদ রনি।

ওই কারাগারে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, জামায়াত নেতা মীর কাশিম আলীও রয়েছেন।

কারাগার-২ এ জামায়াত নেতা মো. কামারুজ্জামানসহ ৮৬ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামি বিএনপি নেতা মো. নাসির উদ্দিন পিন্টু ছাড়াও ভারতের উলফা নেতা অনুপ চেটিয়া ও লক্ষ্মীপ্রসাদ রয়েছেন।

এই কারাগারে এক হাজার ৩৩৫জন বন্দি, তাদের মধ্যে পাঁচশ’র মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

কাশিমপুর মহিলা কারাগারে ২১৯ জন নারী এবং তাদের ১২টি শিশু ঈদ করছেন।

এই কারাগারে নয়জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন বলে জানিয়েছেন কারাধ্যক্ষ আমজাদ হোসেন ডন।

এখানকার প্রতি কারাগারেই একাধিক ঈদের জামাত হবে এবং বন্দিদের বিশেষ খাবার দেয়া হবে বলে কারা কর্তৃপক্ষ জানায়।