২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে এক ব্যক্তি খুন

ঈদের আগের দিন ঢাকার মহাখালীতে এক ব্যক্তি খুন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 09:17 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

চাঁদা না দেয়ায় এলাকার সন্ত্রাসীরা রফিকুল ইসলাম (৪৫) নামে ওই ভাঙ্গারি দোকানিকে হত্যা করেছে বলে নিহতের স্বজনদের অভিযোগ।

তবে পুলিশের ধারণা, সাততলা বস্তি এলাকার আধিপত্য নিয়ে কোন্দলে খুন হয়েছেন রফিক।

মহাখালী সাততলা বস্তি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির মুহূর্তে এই হত্যাকাণ্ড ঘটে।

বনানী থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বস্তি এলাকায় নিজের দোকানের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রফিক।

শরীরের পাঁচ স্থানে গুলিবিদ্ধ রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।

চাঁদা না দেওয়ায় সুমন, মানিক, শামীম গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন রফিকুলের স্ত্রী শিরীন বেগম।

তিনি হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সন্ত্রাসীরা তার স্বামীর কাছে কিছুদিন আগে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা হত্যার হুমকিও দিয়েছিল।

ওই ঘটনা জানিয়ে থানায় অভিযোগও করা হলেও পুলিশ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ শিরীনের।

তবে ওসি বলেন, চাঁদা দাবির বিষয়টি তার জানা নেই।

রফিকের খুনিদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে ভুইয়া মাহবুব বলেন, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।