ঈদ জামাত- কখন কোথায়
ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে একমাত্র জামাতটি হবে শুক্রবার সকাল সাড়ে ৮টায়।
এছাড়া বায়তুল মোকাররম মসজিদে প্রতিবারের মতো এবারো পাঁচটি ঈদ জামাত হবে।
সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন।
আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।
বায়তুল মোকাররমে হবে মোট ৫টি জামাত। সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং ১১টায় পঞ্চম জামাত হবে।
জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকাররমে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে। সকাল ১০টায় মাওলানা ফরীদউদ্দীন মাসঊদের ইমামতিতে অনুষ্ঠিত হবে এই ময়দানের ১৮৬তম ঈদ জামায়াত।
এ উপলক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহ কমিটি। ঈদের দিন বিপুল সংখ্যক মুসল্লির দৃষ্টি আকর্ষণের জন্য নামাজ শুরু হওয়ার ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি শটগানের গুলি ফুটানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্দরনগরী চট্টগ্রামে মোট ২৭০টি স্থানে ঈদের জামাত হবে। প্রধান ঈদ জামাতটি হবে নগরীর ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ জামে মসজিদে। এখানে প্রথম জামাত হবে সকাল সোয়া ৮টায়, দ্বিতীয়টি হবে পৌনে ৯টায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামায়াতের ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী।
বন্দর নগরীতে লালদীঘি জামে মসজিদ ময়দানে সকাল পৌনে ৯টায় হবে জামাত। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা নুরুন্নবী আল কাদেরী।
রাজশাহীর প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়, হজরত শাহ মখদুম মাজার সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে তা হবে শাহ মখদুম দরগা মসজিদে।
এছাড়া সকাল সাড়ে ৮টায় সাহেব বাজার বড় রাস্তায় এবং সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর টিকাপাড়া ময়দানেও হবে দুটি বড় জামাত।
সিলেটে ঈদের প্রধান জামাত হবে নগরীর ঐতিহাসিক সিলেট শাহী ঈদগাহে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের অংশ নেয়ার কথা রয়েছে।
এছাড়া সিলেটের উল্লেখযোগ্য ঈদ জামাতগুলোর মধ্যে রয়েছে হজরত শাহজালাল (র) এর দরগা মসজিদ এবং শাহ পরান (র) এর দরগা মসজিদের জামাত। সকাল সাড়ে ৮টায় একই সময়ে এই দুটি জামাত হবে।
সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে খুলনার প্রধান ঈদ জামাত, দ্বিতীয়টি হবে সকাল সাড়ে ৯টায় টাউন জামে মসজিদে। তবে আবহাওয়া খারাপ থাকলে সার্কিট হাউজ ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে সকাল ৮টা, ৯টা এবং ১০টায় তিনটি জামাত হবে।
