২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমেরির অফিস থেকে আটকদের ছেড়েছে র‌্যাব

নারায়ণগঞ্জের সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের কার্যালয়ে অভিযান চালানোর সময় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বুধবার দুপুরে আল্লামা ইকবাল রোডের ‘উইনার ফ্যাশনস’ থেকে আটক করা হয় আজমেরির গাড়ির চালক জমশের হোসেন (৩২), শিপন (২৮) এবং নিরাপত্তা প্রহরী শুক্কুর আলীকে।

রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে শহরের পুরাতন কোর্টে অবস্থিত র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির এএসপি রবিউল হক।

তবে কী বিষয়ে তাদের জিজ্ঞাস করা হয়েছে ত্বকী হত্যা মামলার তদন্তের স্বার্থে তা গণমাধ্যমকে জানাতে চাননি এএসপি রবিউল।

তিনি বলেন, আজেমেরি অফিস থেকে উদ্ধার হওয়া রক্ত মাখা প্যান্ট, লাঠি, রশিসহ বিভিন্ন আলামত যাচাই বাছাই চলছে।

আজমেরির ওই অফিসকে ‘টর্চার সেল’ আখ্যায়িত করে সেখানেই ত্বকীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন তার বাবা নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

অভিযান শেষে ত্বকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১১এর এএসপি রবিউল হক জানান, আজমেরি ওসমানের অফিসের দেয়ালে এবং শোকেইসে বেশ কিছু গুলির চিহ্ন রয়েছে। এসব নমুনাও সংগ্রহ করা হয়েছে।

একই সময় এ মামলার আরেক সন্দেহভাজন রাজিবের বাড়িতে অভিযান চালানো হলেও সেখানে কিছু পাওয়া যায়নি বলে র্যাব জানিয়েছে।

আজমেরি ওসমান নারায়ণগঞ্জের সাবেক সংসদ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাতিজা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ জাতীয় পার্টির নেতা নাসিম ওসমানের ছেলে।

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী গত ৬ মার্চ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। ৮ মার্চ শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়। সে রাতেই সদর মডেল থানায় হত্যা মামলা করেন রাব্বি।

এরপর ১৮ মার্চ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগসহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে একটি অবগতিপত্র দেন তিনি।

তার অভিযোগ, আজমেরির অফিসেই ত্বকীকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এই ‘টর্চার সেলে’ ত্বকী ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতনের মাধ্যমে মোটা অংকের টাকা চাঁদা আদায় করা হতো।

নারায়ণগঞ্জের ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ গত মার্চ মাসে ওসমান পরিবারের পাঁচটি ‘নির্যাতন কেন্দ্রের’ একটি তালিকা জেলা পুলিশ সুপারের কাছে হস্তান্তর করে, যেখানে আজমেরির কার্যালয়ের কথাও বলা হয়।

ত্বকী হত্যা মামলা প্রথমে পুলিশের হাতে থাকলেও পরে আদালতের আদেশে তদন্তভার র্যাবকে দেয়া হয়।