বেতন-বোনাস না পেয়ে সড়কে শ্রমিকরা
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বন্দর নগরীর ডবলমুরিং থানাধীন বাদামতলী মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অর্কিড ফ্যাশনস লিমিটেডের কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। এসময় শেখ মুজিব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ আড়াইটার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভকারী শ্রমিক তাসলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার তাদের বকেয়া বেতন ও ঈদের বোনাস দেয়ার কথা ছিল।
“কিন্তু সকালে এসে দেখি, কারখানায় তালা দেয়া।”
আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার জাহান বিল্ডিংয়ের অর্কিড ফ্যাশনে প্রায় চারশ’ কর্মী রয়েছে বলে শ্রমিকরা জানান।
সুমি আক্তার নামে এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার হাজার টাকায় ঘর ভাড়া নিয়ে ভাই ও মামীকে নিয়ে থাকি। এখন বেতন না পেলে ঈদ করা তো দূরের কথা, মালিক ঘর থেকেই বের করে দেবে।”
অবরোধের সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের হাতাহাতিও হয়।
বেলা আড়াইটার দিকে পাওনা পরিশোধে পদক্ষেপ নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিজিএমইএর সচিব মাঈনুদ্দিন জানান, অর্কিড ফ্যাশনসের কারখানাটির মালিক আবদুল লতিফ চৌধুরী।
“তিনি তালা দিয়ে বাড়ি চলে গেছেন বলে জানতে পেরেছি। তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
