২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅবস্থানে রানা প্লাজার শ্রমিকরা

বকেয়া বেতন, ঈদ বোনাস, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে সাভারে গণঅবস্থানে বসেছে ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 05:54 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বুধবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মাথার উপরে পলিথিন টাঙ্গিয়ে রানা প্লাজার সামনে কর্মসূচি শুরু করে আহত ও নিহতদের স্বজনসহ দেড় শতাধিক শ্রমিক। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ধ্বংসস্তূপের সামনে কাঁটাতারের বেড়ার পাশে ‘গণঅবস্থান’ কর্মসূচির ব্যানার টাঙ্গিয়ে দেয় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা।

অবিলম্বে নিখোঁজ শ্রমিকদের ডিএনএ টেস্ট রিপোর্ট প্রকাশসহ ক্ষতিগ্রস্থদের স্থায়ী পূনর্বাসনের দাবিও জানায় গণঅবস্থানে থাকা শ্রমিকরা।

তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদের নেতাকর্মীরাও।

গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল কবীর মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। তবে রাতে আবহাওয়া খারাপ থাকলে কর্মসূচি স্থগিত করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় চলতে থাকবে।

গণঅবস্থান শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরি সভাপতি সাদেকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

শ্রমিক নেতা মিন্টু অভিযোগ করেন, আমরা অনুষ্ঠানে মাইক ব্যবহার করছিলাম। তবে পুলিশ এসে সেই মাইক খুলে নিয়ে গেছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে সেজন্য মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে গত রবি ও সোমবারের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনরতরা।