হাতিয়ায় সি-ট্রাকের ধাক্কায় দুই জেলে নিহত
নোয়াখালীর হাতিয়ায় সি-ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই জেলের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে উপজেলার চেয়ারম্যান ঘাটে নোঙ্গর করা সি-ট্রাক ও পল্টুনের জেটির মাঝখানে চাপা পড়ে ট্রলারে থাকা দুই জেলের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সবুজবাগ গ্রামের নূর আহম্মদের ছেলে শরীফ(১৮) ও আবদুল মান্নানের ছেলে রিয়াজ(১৭)।
চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা তোফায়েল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৯ জেলেসহ রামগতির নাহিদ মাঝির ইঞ্জিন চালিত ওই ট্রলার ভোর রাতে চেয়ারম্যান ঘাটের কাছাকাছি অবস্থান করছিল।
এ সময় বাতাস ও জোয়ারের তোড়ে ট্রলারটি ঘাটে নোঙ্গর করা এসটি ভাষা শহীদ সালাম সি-ট্রাক ও পল্টুনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এক পর্যায়ে ট্রলারটি সি-ট্রাক ও পল্টুনের নিচের ফাঁকা অংশে ঢুকে পড়ে।
অন্যরা বেরিয়ে আসলেও দুপুরে ওই দুইজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
