২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে পাটকল শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়বকুণ্ডের আনোয়ারা জুট মিলের তিন-চারশ’ শ্রমিক গত মাসের বকেয়া অর্ধেক বেতন এবং ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কে বিক্ষোভ শুরু করে।

এ সময় মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে ঈদে ঘরমুখো মানুষকে বিপাকে পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন যানবাহনে থাকা নারী ও শিশুদের ভোগান্তি চরমে পৌঁছায়।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, মালিকপক্ষ ঈদের বোনাস ও গত মাসের অর্ধেক বেতন না দিয়েই বুধবার থেকে কারখানায় ঈদের ছুটির ঘোষণা দেয়। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।   

পরে চট্টগ্রাম জেলা পুলিশের মধ্যস্ততায় মালিকপক্ষ বুধবার বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে ইফতারের আগে আগে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে ওসি জানান।

অবরোধ ওঠার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়। 

পুরনো খবর:

বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ