২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়িদের রক্ষায় সরকার ব্যর্থ: সিএইচটি কমিশন

খাগড়াছড়ির মাটিরাঙায় পাহাড়িদের গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছে পার্বত্য চট্টগ্রাম কমিশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার কমিশনের এক বিবৃতিতে বলা হয়, মাটিরাঙার ঘটনা পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জানমাল রক্ষায় সরকারের ক্রমাগত ব্যর্থতারই প্রমাণ।

পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় কমিশনের বিবৃতিতে।  

পাশাপাশি গত শনিবার ওই হামলার ঘটনা তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে।

গত শনিবার মো. কামাল উদ্দীন (৩২) নামের এক মোটর সাইকেল চালককে তাইন্দংয়ের বান্দরসিং এলাকা থেকে অপহরণের ‘গুজব’ ছড়িয়ে পড়লে স্থানীয় বাঙালি অধিবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরই এক পর্যায়ে তাইন্দংয়ের বান্দরশিং পাড়া, বগা পাড়া, মনুদাস পাড়া, সর্বস্ব পাড়া ও লাকু হেডম্যান পাড়ায় চাকমা ও ত্রিপুরাদের ছয়টি গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

এতে অন্তত একজন নিহত ও চারজন গুরুতর আহত হন বলে কমিশনের বিবৃতিতে বলা হয়।

কমিশন বলছে, পাহাড়ি বসতিতে হামলার সাম্প্রতিক ঘটনাগুলোয় কিছু বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। প্রথমে কোনো বাঙালির ওপর হামলা বা অপহরণের গুজব ওঠে এবং এর পরপরই পাহাড়ি জনপদে তাণ্ডব চালানো হয়।   

এসব ঘটনায় পাহাড়িদের রক্ষার ক্ষেত্রে আইন শৃঙ্খালা বাহিনীর ভূমিকারও সমালোচনা করেছে পার্বত্য চট্টগ্রাম কমিশন।

বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে হামলাকারী বসতিস্থাপনকারীদের ‘কৌশলে সহায়তাই করেছে’।  

শনিবারে ওই হামলার পর অনেক পাহাড়ি ফেনী নদী পার হয়ে সীমান্তের ‘নো-ম্যান্স ল্যান্ডে’ আশ্রয় নেন। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বসতভিটায় ফিরতে শুরু করেন তারা।

এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের পরিচালক সুহাস চাকমা বলেন, “বিজিবি হামলাকারীদের গ্রেপ্তার না করে নিরপরাধ পাহাড়িদের আটক করেছে, যাদের ওপর অকথ্য নির্যাতন চালানোরও অভিযোগ পাওয়া গেছে।”

এসব হামলার ঘটনায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম কমিশন। 

পাশাপাশি ১৯৯৭ সালের পার্বত্য শাস্তি চুক্তি অনুযায়ী পাহাড়ের ভূমি বিরোধ নিষ্পত্তির কার্যকর পদক্ষেপ নেয়া এবং তিন পার্বত্য জেলা থেকে সেনাবাহিনীর সব স্থাপনা অপসারণেরও আহ্বান জানানো হয় কমিশনের বিবৃতিতে।

আমস্টার্ডামভিত্তিক সিএইচটি ক্যাম্পেইন ও কোপেনহেগেনভিত্তিক ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে ১৯৯০ সালে পার্বত্য চট্টগ্রাম কমিশন গঠন করা হয়।    

পুরনো খবর:

রক্ষা পায়নি তাইন্দংয়ের বৌদ্ধবিহারও