খাগড়াছড়িতে জেএসএস নেতা গুলিবিদ্ধ
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।
আহত সমনানন্দ চাকমা (৫৪) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) বিরোধী পাহাড়ি সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমার ভাই।
দীঘিনালা উপজেলা সদরে সোমবার রাত পৌনে ৯টার দিকে সমনানন্দ গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।
আহত সমনানন্দকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটর সাইকেল নিয়ে বাসায় ফেরার পথে দীঘিনালা ডিগ্রি কলেজের সামনে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা খুব কাছ থেকে সমনান্দকে গুলি করে।”
গুলি জেএসএস নেতার পিঠে লেগেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহীদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমনানন্দ আশঙ্কামুক্ত।
জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা হামলার জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যরা হত্যার উদ্দেশ্যে সমনানন্দকে লক্ষ্য করে গুলি চালায়।”
দলে সন্তু লারমার ‘একচ্ছত্র’ আধিপত্যের প্রতিবাদে কয়েক বছর আগে তাতিন্দ্র লাল চাকমারা আলাদা হয়ে নতুন দল জনসংহতি সমিতি (এমএন লারমা) গঠন করেন।
প্রশান্তের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে এই ধরনের ঘটনায় একই অভিযোগ নাকচ করে আসছে সন্তু লারমা নেতৃত্বাধীন দলটি।
