২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিজীবী হত্যা: ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন ড. রাব্বীর মেয়ে

যুদ্ধাপরাধ মামলায় আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ চিকিৎসক মো. ফজলে রাব্বীর মেয়ে নুসরাত রাব্বী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

তিনি বলেন, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর তাদের সিদ্ধেশ্বরীর বাসায় কয়েকজন আলবদর সদস্য খোঁজখবর নিতে আসে। এর দুদিন পর ওই বাসায় হানা দিয়ে ডা. ফজলে রাব্বীকে তুলে নিয়ে যায়। এরপর হত্যার খবর পান তারা।  

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সোমবার এ মামলায় প্রসিকিউশনের দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুসরাত রাব্বী।

তিনি বলেন, ১৯৭১ সালে তারা ৭৫, সিদ্ধেশ্বরীর জলপাইগুড়ি হাউজে থাকতেন তারা। ওই বছর ১৩ ডিসেম্বর ওই বাড়িতেই আলবদর সদস্যরা আসে।

“১৩ ডিসেম্বর যারা বাসায় এসেছিল, তাদের আমি আর আমার মা দেখেছিলাম। তাদের সবার মুখে চাপ দাড়ি ছিল।

“ওইদিন যারা বাসায় এসেছিল, তাদের সনাক্ত করা যায়নি। তবে তারাই ১৫ তারিখে বাবাকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করে।”

শহীদ বুদ্ধিজীবীর মেয়ে নুসরাত  বলেন, ১৫ ডিসেম্বর বিকাল ৩টার দিকে আলবদরের লোকজন তাদের বাড়িটি ঘিরে ফেলে। তাদের সঙ্গে কাদামাখা একটি মাইক্রোবাস ছিল। ওই বাসে উঠিয়েই তার বাবাকে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে আমেরিকা প্রবাসী নুসরাত রাব্বী জানান, পরবর্তীতে ১৮ ডিসেম্বর সাংবাদিকদের মাধ্যমে তারা জানতে পারেন- তার বাবাকে রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়।

তিনি বলেন, পরবর্তীতে পত্রপত্রিকায় ছবি দেখে তার মা ও পরিবারের অন্যরা বুঝতে পারেন ডা. ফজলে রাব্বীসহ অন্যান্য বুদ্ধিজীবী হত্যার সঙ্গে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান সংশ্লিষ্ট ছিলেন।

বর্তমানে ৫০ বছর বয়সী নুসরাত যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে থাকেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় অধ্যাপনা করেন তিনি।

সম্প্রতি উচ্চ আদালতে নিয়োগ পাওয়ায় ট্রাইব্যুনাল-২ এর বিচারক শাহীনুল ইসলামের শপথ অনুষ্ঠানের কারণে নুসরাত রাব্বীর সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত রেখেই আগামী ৭ অগাস্ট পর্যন্ত ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।

চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে গত ২৪ জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়।

গত ২ মে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। দেশে না পাওয়ায় তাদের হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশও হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পরেও হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

১৫ জুলাই প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাগ্নি মাসুদা বানু রত্না।

পরে আরো সাক্ষ্য দেন শহীদ মুনীর চৌধুরী, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন, অধ্যাপক সিরাজুল হক খান, সাংবাদিক সিরাজ ঊদ্দিন হোসেন, সৈয়দ নাজমুল হক ও ডা. আব্দুল আলীম চৌধুরীর সন্তানরা, সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। চৌধুরী মুঈনুদ্দীনের বাড়ি ফেনীর দাগনভুঞার চানপুরে।