পুলিশ হত্যার আসামি শিবিরনেতা গ্রেপ্তার
রংপুরের পীরগাছা উপজেলায় পুলিশ কনস্টেবল মোজাহার আলী হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে পীরগাছা উপজেলার সৈয়দপুর এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
রবিউল উপজেলার অভিরাম গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং সংগঠনের কারমাইকেল কলেজ শাখার একজন শীর্ষনেতা।
পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে একটি কোচিং সেন্টার থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ ফেরুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ হবার পর পরই পীরগাছা সদরে জামায়াত-শিবির মিছিল বের করে।
পুলিশ মিছিলকারীদের গতিরোধ করলে জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে ১৫ পুলিশ আহত হয়।
এদের মধ্যে কনস্টেবল মোজাহারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
