২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে পুরো সপ্তাহ

বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১৯টি মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী শনিবার পর্যন্ত বাড়িয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 09:16 AM

Updated : 13 Oct 2022, 02:54 PM

ঢাকা দূতাবাস একদিন বন্ধ রাখার পর সোমবার খুলে দেয়া হলেও নিরাপত্তা ও সতর্কতা থাকছে আগের মতোই।  

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ওপর জারি করা সতর্কবার্তাও চলতি মাসের শেষ পর্যন্ত বহাল থাকবে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কঠোর সতর্কতার’ অংশ হিসাবেই আরো কয়েকদিন কিছু দূতাবাস বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আলজিয়ার্স, কাবুল, বাগদাদ ও ঢাকা দূতাবাস সোমবার খুলছে। তবে মাদাগাসকার, বুরুন্ডি, রুয়ান্ডা ও মরিশাস দূতাবাস নতুন করে বন্ধের তালিকায় যুক্ত করা হয়েছে।

আবু ধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহারান, জেদ্দা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট অফিস বন্ধ থাকবে আগামী শনিবার, অর্থাৎ ঈদ পর্যন্ত।

আল-কায়েদার জঙ্গি হামলার আশঙ্কায় গত শনিবার এক ঘোষণায় ২১টি মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট রোববার বন্ধ রাখার ঘোষণা দেয় ওয়াশিংটন। দক্ষিণ এশিয়ায় যে দুটি দেশে এই সতর্কতা জারি করা হয়, তার মধ্যে একটি বাংলাদেশ, অন্যটি আফগানিস্তান।

যুক্তরাষ্ট্রের পর কানাডাও তাদের ঢাকার হাই কমিশন রোববার বন্ধ রাখে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন বেয়ার্ড শনিবার এক বিবৃতিতে বলেন, আগাম সতর্কতা হিসাবেই এ ব্যবস্থা নিয়েছেন তারা।  

এদিকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলও শনিবার বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করে। সংস্থার ১৯০টি সদস্যদেশকে সম্ভাব্য জঙ্গি আক্রমণের বিষয়ে কড়া নজরদারির পরামর্শ দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, আল-কায়েদাসহ কয়েকটি জঙ্গি সংগঠন মধ্যপ্রাচ্য এবং তার বাইরে মার্কিন কূটনীতিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। রমজান মাসকে কেন্দ্র করে অগাস্টের শেষ পর্যন্ত এই হামলার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রেও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে কি না সে বিষয়ে কোনো সরকারের কাছ থেকে কোনো ঘোষণা না এলেও রোববার যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস বন্ধ রাখা হয়।

যুক্তরাষ্ট্রের এই সতর্ককতাকে কেন্দ্র করে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করে পুলিশ ও র‌্যাব।