ঈদে কভার্ড ভ্যান-লরি ‘চলবে’
ঈদের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল করবে বলে জানিয়েছেন দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
দেশের প্রধান রপ্তানি পণ্যের শিল্প মালিকদের এই সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রীর সঙ্গে আলোচনা হলে তিনি ‘অত্যাবশ্যকীয়’ সেবা বিবেচনায় আমদানি ও রপ্তানি পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করবে বলে জানান।”
যানজট এড়াতে আসন্ন ঈদের আগের চার দিন এবং পরের তিন দিন মহাসড়কে ট্রাক, লরি ও কভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল যোগাযোগ মন্ত্রণালয়।
এরপর বাংলাদেশ পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি আমানউল্লাহ বুধবার হাই কোর্টে রিট আবেদন করলে আদালত বলে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া এসব যানকে বাধা দেয়া যাবে না।
