বরিশালে প্রতারণার অভিযোগে দুই কর কর্মকর্তা আটক
বরিশালের উজিরপুর উপজেলায় ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগে দুই কর কর্মকর্তাকে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার রাতে উপজেলার ধামুরা বাজারে জেলা আয়কর অফিসের পরিদর্শক মীর হুমায়ুন কবির ও উচ্চমান সহকারী জাকির হোসেনকে আটক করে পুলিশ।
উজিরপুর থানার এসআই আলী আহমেদ জানান, আটকরা বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে তাদের আয়ের হিসেব দেখতে চান এবং টাকা দাবি করেন। ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের কাছে অফিস ভাউচার ও কর অফিসের পরিচয়পত্র দেখতে চান।
কিন্তু ভাউচার ও রশিদ না থাকায় তাদেরকে আটক করে স্থানীয়রা।
আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
